চতুর্দশপদী // নূরুদ্দিন জাহাঙ্গীর


চতুর্দশপদী // নূরুদ্দিন জাহাঙ্গীর 

তুমি দেখেছ সোনা পোড়াবার পর অলংকার হয়
আঘাতে আঘাতে লোহা তবে সুমসৃন ইস্পাত হয়;
নদীর যন্ত্রণা দেখ না, দেখ সে কেবল ছুটেই চলে
জান না, কতটা আঘাত সয়ে মিলে সাগর-জলে।
জান না, শস্য দিতে মৃত্তিকার বুক কী যন্ত্রণা সয় 
ঝিনুকই জানে, কী বেদনা সয়ে মুক্তো দিতে হয়;
ইট বালি সিমেন্ট আরো যা লাগে সুরম্য ভবনে 
মনে রাখ; শ্রমিকের শ্রম তোমার থাকে না মনে।
সভ্যতা নির্মাণে তুমি যদিও করো নি সত্যি লড়াই
তবু সভ্যতার দেয়ালে তোমাকেই করেছ খোদাই 
ইতিহাসে তুমি লিখনি তো সেইসব মানুষের নাম
অথচ স্বর্ণাক্ষরে লিখে দিয়েছ পোষাকিদের দাম।
তুমি জান না কত সাধনার পর মানুষ হতে হয়--
অমানুষ তুমি মানুষ হলে তবে মানুষ কারে কয়?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ