নাকডাকার বাজারজাতকরণ- ধর্মজাল // মাসুদ পথিক

নাকডাকার বাজারজাতকরণ
মাসুদ পথিক
ছায়াপথের বারান্দা থেকে দেখা যায়
আমাদের দাম্পত্য কলহ
এই কথা জানিয়েছে এক ব্যর্থ নভোচারী

তথাপি
আমার নাকডাকা শোনা যায় ছায়াপথের গলি থেকে
ফলে ঘুম ভেঙে যাায় রোজ বেওয়ারিশ কুকুরগুলির

বউ আমার নির্ঘুম বসে থাকে বেডরুমে 
আমি নাক ডাকি চিরপ্রশান্তিতে মরে মরে
আমাদের অসুখী সংসার মহাকাশের পরে

মধ্যরাতে
বেডরুমের জানালায় উঁকি দেয় এক নক্ষত্র
অনেকে করে কানাকানি
কেউ কেউ ঈর্ষায় জ্বলেপুড়ে হয় কক্ষচ্যূত

অর্থাৎ, আমি আরও শুনেছি
নাক ডাকা আবিস্কারের কৃতিত্ব জাহির করেছে
পৃথিবীর ব্যর্থ নভোচারী
এবং বাজারজাত করেছে কোনো করপোরেট 
আর খুব জনপ্রিয় এখন তীব্র পরকীয়াগুলি



শিল্পী :বিমলেন্দ্র চক্রবর্তী 

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে //  শঙ্খ ঘোষ

একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

একটা দুটো সহজ কথা
বলব ভাবি চোখের আড়ে
জৌলুশে তা ঝলসে ওঠে
বিজ্ঞাপনে, রংবাহারে।

কে কাকে ঠিক কেমন দেখে
বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্মভূমি!

বিকিয়ে গেছে চোখের চাওয়া
তোমার সঙ্গে ওতপ্রোত
নিওন আলোয় পণ্য হলো
যা-কিছু আজ ব্যক্তিগত।

মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।

ধর্মজাল // মাসুদ পথিক 

ধর্ম জালে ধরা পড়েছে কিছু খলসে ও পুঁটি
মৃত বউ কাটছে মাছ
সন্ন্যাসী পুষি বিলাই করছে ঘুরঘুর
পাকাচ্ছে চোখ দাদীর ভীতু বটি

উঠানে, রশিতে উড়ছে ধর্ম জাল, আর
সুচিত্রা সেনের ছাপমারা শাড়ি
প্রাণ কোম্পানির সেলসম্যান এসেছিলো 
গতকাল, স্মৃতিবলা বাড়ি

কেননা নদীও এসেছে বহুকাল আমাদের ঘরে
ধর্ম জালে লাটি পুঁটি__রোজ ধরা পড়ে
রোজ ধরা পড়ে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ