আজকের খবর
ঘরের অসুখ
শরীরে পাংশুটে দুর্বলতা
কোভিদ নেগেটিভ
রক্তে নাকি লোহার অভাব
আজ যেন বাড়াবাড়ি
ডাক্তার পথ্য দিয়েছে ঢেঁকিশাক
এখানে ট্রাইবেলবাজার ছাড়া
এ অমিয় পাওয়া যায় না।
মলমাস বিশুদ্ধ মতে
এমাসে শাক খাওয়া নাকি বারণ!
চারিদিকে ফিসফিসানি
মা আনন্দময়ীর আগমন
মলমাস বিশুদ্ধমতে
এবছর পূজা নাকি নিষ্ফলা!
এপারে বাতাসের সোরগোল উদ্বাস্তু সমস্যা
ওপারে মায়ের ফেরার পর কোভিদের বাড়াবাড়ি
এই অশনিসংকেতে মুখভার যেন গোটাবনস্থলী
বিপ্লবীরা সকলেই বুঝি আজ তার স্মরণাগত।
ইতিমধ্যেই শিউলি ঝরতে শুরু করেছে
নদীর চরে কিংবা পাহাড়ী তৈছার পাড়ে
মুখ তুলে চেয়ে আছে অগুন্তি কাশফুল
ফুলের মাঝে যেন কামনার অতৃপ্ত চাউনি
ফুলের মাঝে যেন বেদনার শুকনো হাসি!
পশ্চিমে শৈলশিখরের পেছনে
সূর্য ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে
নীচে নদী জঙ্গল স্কুলবাড়ি জংলীবস্তি
উপত্যকার উপরে ঝুলছে হালকা কুয়াশাচাদর
মাঝারি বৃষ্টির পর
নদীও শুরু করেছে ফিসফিসানি
পাতায় পাতায় খুসখুস কাশি
উত্তুঙ্গ জম্পুই যেন নীলাভ নারী
চোখে জল যেন মোঙ্গলতনয়ার
হাটখোলা দরজাগুলো অনেকদিন ধরে বন্ধ
পরিযায়ীদের দিচ্ছে না এখন আর হাতছানি
ট্রাইবেল বাজারে
এসময় বাঁশকরুল আর ঢেঁকিশাক
নিয়ে রোজ আসে মিত্তিঙ্গাছড়ার মোঙ্গলী
ন্যুনতম ভাত শুঁটকি নুন দিয়াশলাই
হলেই তার সংসারে জ্বলে খুশির হাঁড়ি
তার দেখা নেই আজ
তিপরাভূমি ধর্মঘট বুঝি
ট্রাইবেল বাজার ফাঁকা
চারদিকে থমথম ভাব
মোড়ে মোড়ে ত্রিপুরাবলের টহলদারি।
অদূরে জ্বলছে একটা নিয়নবাতি
টুং টাং কাঁচের আওয়াজ,মাতালকন্ঠ
পাশেই দাঁড়িয়ে আছে লীলাময় পুলিশফাঁড়ি!
0 মন্তব্যসমূহ