আমার বয়স পঞ্চাশ পেরিয়ে
এই তো সেদিন
সাঁকো থেকে জলে ঝাঁপ l
ডুব দিয়ে ওঠেই দেখি
বিকেল l
ছেলে মেয়ে ঘর সংসার বউ
আলু পটল সবজি মাছ
কর্মস্থল ,
এ সবের বাইরে কি
পরিবৃত আছে ?
সর্বত্রই গোঁজামিল
শূন্যের রাশি
হেমন্তের বিষণ্ন অবেলা
খেলা করে চারদিক
পঞ্চাশেও বৃষ্টি নামেনি শরীরে l
এক দিন আগুন জ্বলে ওঠে ছিল
অন্যায়ের প্রতিবাদে,
পাখিরাও নীড় ছেড়ে বেরিয়ে এসে ছিল
ঝড়ের বিরুদ্ধে ঝড় তোলার জন্য
সত্য কথা বলার জন্য,
আসলে সব কথাই সত্যি
সব কথাই মিথ্যে l
কিন্তু আমি কোন বিন্দুতে অপেক্ষা করছি
কার জন্য ?
কিসের জন্য ?
এই পঞ্চাশ বছর l
সুকান্ত মাত্র একুশ বছর বেঁচে ছিলেন
ভাষা শহীদ কমলা দেবী ষোলোতেই রক্ত দিলেন
বিবেকানন্দ ঊনচলিশেই
বিশ্বকে নাড়িয়ে দিলেন
কিন্তু আমি কত টুকু হাটতে পেরেছি
এই পঞ্চাশ বছর ?
সকাল থেকে সন্ধ্যে --একটাই প্রশ্ন
আমার মস্তিষ্কে ঘুরে ফিরে আসে
চোখের কোন মায়া জালে বন্দি ঘর বাড়ি ?
কি করতে পারতাম ?
এই পঞ্চাশ বছর l
বুঝতেই পারিনি --
আমার মাথাটা কোথায়
হারিয়ে ফেলেছি
এই পঞ্চাশ বছরেও ওটাকে খোঁজে পাইনি
প্রতিদিন শপিং মলে, বাসস্ট্যান্ডে, রেল স্টেশনে হাসপাতালে
ভিড়ের মধ্যে খোঁজি
এবং পরখ করে দেখি
কারো ঘাড়ে আমার মাথাটা ভুলে
লাগানো আছে কিনা !
0 মন্তব্যসমূহ