অংশুমান কর এর একগুচ্ছ কবিতা

অং|শু|মা|ন|ক|র 

জন্ম বাঁকুড়ার বেলিয়াতোড়ে। বাঁকুড়া পুরুলিয়ায় জীবনের অনেকটা সময় কাটানো এই কবি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। স্বল্পকালের জন্য ছিলেন  সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলের সচিব। কবিতার পাশাপাশি অংশুমান লিখেছেন বেশ কিছু ছোটোগল্প ও কয়েকটি উপন্যাস। বাংলা ও ইংরেজি ভাষায় অংশুমান নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন। লিখেছেন নাটকও। নিয়মিত যুক্ত থাকেন অনুবাদ কর্মে। সম্পাদনা করেছেন অস্ট্রেলিয়ার অ্যাবওরিজিনাল কবিতার বাংলা অনুবাদের একটি গ্রন্থ, “কালো অস্ট্রেলিয়ার কবিতা”  ও ভারতবর্ষের বিভিন্ন ভাষার কবিতার বংলা অনুবাদের সংকলন, “সীমানা ছাড়িয়ে”। কবিতা রচনার জন্য পেয়েছেন বাংলা আকাদেমি, কৃত্তিবাস, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার। কবিতা পড়েছেন বাংলাদেশ, স্কটল্যান্ড, আমেরিকা ও জার্মানিতে।



অংশুমান কর

আঘাত

গাছের গুঁড়িতে নেমে এসেছিল কুঠার 
আর তৈরি হয়েছিল কাগজ।
ঝুপড়ি গুঁড়িয়ে দিয়েছিল ক্রেন 
আর তৈরি হয়েছিল রেলপথ।
নদীর নরম বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল
নিষ্ঠুর সিমেন্টের বিম
আর তৈরি হয়েছিল ব্রিজ।
#
বেদনার্ত মানুষ, মনে রেখো,
আঘাতের ওপরেই তৈরি হয়েছে মানবসভ্যতা।

আলো

বানানো সাদা-হলুদ আলোর থেকে
দূরে থাকো।
অন্ধকারের মধ্যে গিয়ে দাঁড়াও।
ভয় পেয়ো না।
দেখো, আলো রয়েছে।
জ্বলছে জোনাকি।


স্বপ্ন

একজনের কাছে ঘুম সাততলার এসির আরাম।
আর একজনের কাছে
রেলস্টেশনের এবড়োখেবড়ো মেঝে,
কুলকুল ঘাম।
কিন্তু দুজনেরই কাছেই
তালদিঘির পাড় দিয়ে 
ভিনদেশে যাওয়ার এক পথ। 


নিয়ম

মৃতদেহের পাশে 
এত বছর ধরে 
সাদা ফুল 
রেখে এলাম আমরা।
#
আজ দেখলাম
ছোট ছেলেটির কবরের গা ঘেঁষেই
ফুটে উঠেছে
লাল-নীল-হলুদ-কমলা ফুল। 


নির্বাসন

কোথায় সে নেই?
চিতাবাঘের ক্ষিপ্র গতিতে, ঈগলের ডানায়,
শিল্পীর তুলিতে, ইমন রাগে, শ্রমে, বিশ্রামে,
শূন্যে, শ্মশানে...
কোথায় সে নেই?
#
কবিতাকে নির্বাসন দেবে কোনখানে?

একটি মন্তব্য পোস্ট করুন

27 মন্তব্যসমূহ

  1. প্রতিটি কবিতাই স্বকীয়তায় মুখর। মানবিক চিন্তা-ভাবনার বন্ধ দরজাগুলো উন্মুক্ত করে দেয়। মুগ্ধ করে রাখে। কবিতাকে হৃদয়ে গ্রহণ করতেই হয়।
    ভীষণ ভালো লাগলো 🌹

    উত্তরমুছুন
  2. প্রত্যেকটি কবিতাই তার বক্তব্যে স্বতন্ত্র। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. অপূর্ব সব মণি-মানিক ছড়িয়ে আছে কবির হৃদয়ে, তারই কয়েকটি পেলাম। সংগ্রহে থাকুক।

    উত্তরমুছুন
  4. প্রতিটি কবিতা অনবদ্য। 'আঘাতের উপরেই তৈরি হয়েছে মানবসভ্যতা '- এক কথায় অনবদ্য।

    উত্তরমুছুন
  5. আধুনিক কবিতাগুলোর মধ্যে আপনার কবিতা বুঝতে পারি। মর্মে এসে লাগে। প্রনাম নেবেন।

    উত্তরমুছুন