অপাংশু দেবনাথ
ওহো! অথ: কাশীরাম কথা
যৌথ খামারের এতো অহংকার,চাঁদ ছিঁড়ে এনেছো মাটির কাছে
কোথাও টোপায় করে, ভোরে ওঠে দেখেছো কি ?
রাতের ছেঁড়া চাঁদে মদের গ্লাসের অসংখ্য ছাপ ও পাপচিহ্ন।
তার (খামারবাসীদের) কাছে অনেক জানার ছিলো তোমার ।
নিজেই নিজের লাঙলের ফালায় ঢাললে
বহুজাতিক সংস্থার লাব্ণ্য,
যা কি না সকলের সঙ্গে সংসদে,
ওই যে চেয়ার,কাগজ ছোড়াছুড়ি করে
ওরাও দেখেছে অর্জুন!
কর্ণ তোমাকেও বলি---
সামলে রেখো সুখ।
এ অহম ক্রিয়াজনিতফলস্বরূপ মেদিনী গ্রাস করবে চাকা।
তুমি অনেক বেশি মেধাবী,
এ কথা তোমার মতো যুধিষ্ঠীরও জানে বলেই চুপ।
এ যুদ্ধে তোমার স্বত:পরাজয় বড়ো প্রয়োজন,
নকুল, সহদেব নিশ্চুপ ভ্রমবেহালা বাজায় সৈকতে।
ভীম ভালোবাসায় প্রণত দাদার প্রতি,তাই নির্ণিমেখ চেয়ে থাকে।
আরও জয়, সামনে সময়,পান্ডব কৌরবে মিলে মিশে জতুগৃহ গড়ে।
কর্ণ, তোমার জন্য কষ্ট হয়!
তুমিও কি কোনো, মৃগনাভি খুঁজে, ছড়ালে ছায়া যৌথ খামারে?
ব্যাসদেব পাহাড়ে পুনশ্চ তুমি নতুন ভারত আঁকো ,
জন্ম নিক তবে অসংখ্য কাশীরাম।
তোমার পাদদেশে বসে কেবলই পোড়াক অহম।

0 মন্তব্যসমূহ