হৃদয়ের বিপ্লব // পম্পা ভট্টাচার্য

 এসো দৃঢ় মুষ্টি নিয়ে
এবার হাতে হাত মেলাই
গুড়িয়ে দেই পৃথিবীর সৃষ্টি।
এসো ওষ্ঠে ওষ্ঠে মেলাই
না, আর সুমধুর আবেগ নয়
এবার ওষ্ঠে ওষ্ঠে বিষ উদগারণ করি
বিষে বিষে নীল হয়ে যাক দেহ
এই নীলাভ বিষ বিষাক্ত হাওয়া হয়ে
ছড়িয়ে পড়ুক পৃথিবীর কোনে কোনে।
ছারখার হয়ে যাক সব।
সৃষ্টি হউক আবার সুনির্মল পৃথিবী
ফিরে আসুক সেই পুরোনো আদিমতা
গাছের বল্কল পড়ে
আবার আসুক সেই আদিম মানুষ
গুহায় গুহায় জাগুক আবার
আদিম সভ্যতা।
পাহাড়ে, গহ্বরে গোপনে গোপনে
জেগে উঠুল আবার চঞ্চলতা
আমি স্বপ্ন দেখি - শুধু স্বপ্ন নয়
আমি চাই  - গভীর ভাবে চাই -
এক নতুন সজীব পৃথিবী।
শান্তি ও সরল আনন্দে ভরা নতুন পৃথিবী
আমি চাই
পৃথিবীর শৈশব চঞ্চল হয়ে উঠুক
দিকে দিকে -জাগুক আবার
সত্য সুন্দর শিব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ