বাউল বেজে ওঠে // দেবাশিস মুখোপাধ্যায়

ভিতর তার ডানায় মধু
কুড়িয়ে নিতে নিতে একটা কিশোরবেলা
গাছের গা জড়িয়ে কত কথা
ফুঃ দিয়ে উড়িয়ে দিতে কেউ পারবে না
জলছবি দেখতে দেখতে প্রজাপতি
রঙ পেয়ে গেল আর চোখের ভালবাসা
বাসা পেয়ে গেলে আলো
বইয়ের তাক থেকে উড়ে আসছে পাতা
অক্ষর বসানো সকাল
খিদের গভীরে যে খালি বাটি
মা মা করে ওঠে
চালা ওড়া ঘরে চাল ফুটছে
ফেনা জড়িয়ে ধরছে আগুন
আর এক আশ্চর্য গন্ধ
অভাবের ঘরে  ভাবকে লালন দেয়
বাউল বেজে ওঠে পরম পাওয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ