রাত ও প্রেম
©সোমা লাহিড়ী মল্লিক
আজকাল রাতজাগা খুব ভালো লাগে,
আজকাল ঠিক নয়, রাত আমার সঙ্গী
সেই শৈশব থেকে মলাট উল্টাতে থাকি,
দেখি রাতের রাস্তার আলো কেমন সুন্দর চুপ
করে চেয়ে থাকে, কেমন আলিঙ্গন করে মোহময়ী
স্নিগ্ধতাকে, আমি অনেক রাত জেগেছি,
শুনেছি রাতের কান্না, দেখছি রাতের কোলাহল
ব্যস্ত রাস্তাঘাট, জ্যাম লেগে যাওয়া রাতের শহর,
জঙ্গলে রাতজাগা পাখির আওয়াজ কান পেতে শুনে প্রহর গুনেছি, আমি কালো মেয়েকে পথ হারাতে দেখেছি, আমি ভোর রাতের আজান শুনেছি, রাতের গাড়িতে ঘন্টার পর ঘন্টা যাত্রা করেছি। রাতের আলোয় সেজে উঠতে দেখেছি পার্ক স্ট্রিট, হাওড়া ব্রিজ,হেডলাইটের তীক্ষ্ণ আলো ফেলতে দেখেছি, স্পীড ব্রেকারের কন্ট্রোল ক্ষমতা আমি দেখেছি। ঘুমন্ত শিশুর স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে কত যন্ত্রণা ভুলেছি, আমি কবিতায় যাপন করেছি। অনেক অনেক সমস্যার সমাধান করেছি রাত জেগে, জমানো কিছু মিস্টি স্মৃতি রেখেছি রাতের ভল্টে, রাতের হালকা নীলাভ আলোয় আমি সমুদ্রের ঢেউ গুনেছি, মাঝ রাতে উঠে বেরিয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে, পূর্ণিমার রাতে তাজমহলের স্ফটিক রঙের বিচ্ছুরণ দেখে মনে হয়েছে এ জীবনে প্রেম পেতে গেলে মমতাজ হতে হয়, নূরজাহান হতে হয়, মানুষ হওয়া যায় না, নারী হওয়া যায় না।
বিলাসপুর, ছত্তিসগড়
১৮/১০/২০২০
রাত- ২ঃ২৮ মিনিট
0 মন্তব্যসমূহ